জলপাইগুড়ি : বকেয়া ইনসেনটিভ, বেতন বৃদ্ধি ও চাকরির স্বায়ীকরণের দাবিতে সরব হলেন আশা স্বাস্থ্য কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের (সিআইটিইউ অনুমোদিত) জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমা দেওয়া হয় স্মারকলিপি।

আশা কর্মীদের মূল দাবি—প্রতিমাসের সাম্মানিক ভাতা যেন প্রতি মাসের ১ তারিখে নিয়মিত দেওয়া হয়, ন্যূনতম বেতন নির্ধারিত হয় ২৬,০০০ টাকা এবং চাকরিগুলি অবিলম্বে স্বায়ীকরণ করা হয়। একই সঙ্গে জুলাই ২০২৫ থেকে বকেয়া থাকা ইনসেনটিভ দ্রুত পরিশোধেরও দাবি তোলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অনলাইন কাজের জন্য দেওয়া মোবাইল ফোনে কোনো শর্ত আরোপ করা যাবে না। ইন্টারনেট ব্যবহারের মাসিক বরাদ্দ বৃদ্ধি ও নতুন সিম কার্ড প্রদানের দাবি তুলেছেন কর্মীরা। পাশাপাশি মজুরি সহ নৈমিত্তিক ছুটি, মেডিক্যাল ও মাতৃত্বকালীন ছুটি—এসব তাদের ন্যায্য অধিকার, যা অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান তারা।
জেলা সম্পাদিকা চুমকি দাস জানান, “আজকের ডেপুটেশনের মূল বিষয় ছিল—কোনো শর্ত ছাড়া মোবাইল কেনার অনুমোদন, দ্রুত বকেয়া ইনসেনটিভ প্রদান এবং ন্যায্য দাবিগুলির দ্রুত বাস্তবায়ন। আমরা আশা করি প্রশাসন আমাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
