ডুয়ার্স : বিহারের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। ১০১টি আসনে লড়াই করে এককভাবে জয় ৮৯টি—যা পদ্ম শিবিরকে আবারও সেখানে সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। জেডিইউ-র ৮৫ আসন এবং শরিকদের সমর্থন নিয়ে এনডিএ জোট মোট ২০২টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরছে। ফলে দলবদলের কারিকুরি করলেও নীতীশ কুমারের রাজনৈতিক টালমাটাল করার সুযোগ কার্যত নেই—সংখ্যার অঙ্ক স্পষ্ট করে দিচ্ছে, বিজেপি এখন এককভাবে জোটের আসল শক্তি।
এই জয়ের আনন্দ গড়িয়েছে ডুয়ার্সেও। শুক্রবার সন্ধ্যায় মেটেলি সমতল মণ্ডল কমিটির উদ্যোগে বাতাবাড়ি ফার্ম বাজারে দেখা গেল উচ্ছ্বাসের ঝলক। বিজেপি কর্মীদের হাতে লাড্ডু, চারপাশে বাজির আওয়াজ, আর মাথার উপর শোভা পাচ্ছে গেরুয়া পতাকা। জনবহুল বাজার এলাকা জুড়ে বিজয় মিছিল ঘুরে বেড়াল বড়সড় উত্তেজনা নিয়ে।
মিছিল থেকে স্লোগান উঠল—আগামী বিধানসভায় বাংলায় পরিবর্তনের ডাক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মজনুল হক, মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলাম, মেহবুব আলম সহ বহু নেতা-কর্মী ও সমর্থক।
বিহারের ফলাফলের ঢেউ যেন গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তুলল ডুয়ার্সের আকাশে।
