সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : ব্যাগ থেকে নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট চোর। চাঞ্চল্য জলপাইগুড়িতে। ফুটবল লিগ খেলতে এসে নয় হাজার টাকা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র খোয়ালো এক আদিবাসী ফুটবল খেলোয়াড়।

জলপাইগুড়ি জেওয়াইএমএ মাঠে শিকারপুরের বাসিন্দা বিলেন্দ্রর ওঁরাও একটি ক্লাবের হয়ে খেলতে আসে। সে তার ব্যাগটি মাঠে রেখে খেলা শুরু হওয়ার শেষে এসে দেখে তার ব্যাগের ভিতর মানিব্যাগ সহ নগদ নয় হাজার টাকা গায়েব। সেইসাথে গায়েব কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। নগদ টাকা ভর্তি মানিব্যাগ নিলেও চোর সেই ব্যাগে থাকা বিলেন্দ্ররের মোবাইল ফোনটি রেখে যায়। এই ঘটনায় সেই আদিবাসী খেলোয়াড়ের মনোবল কিছুটা হলেও ভেঙে যায়। যদিও ক্লাবের তরফে পুরো বিষয়টি নিয়ে লোকাল প্রশাসনের কাছে যাবে বলে জানিয়েছেন জেওয়াইএমএ ক্লাবের সদস্য পার্থ প্রতিম মজুমদার।
