শিলিগুড়ি : ট্রেনে সহযাত্রী সেজে প্রতারণার ঘটনা নতুন নয়, কিন্তু এবার সেই ফাঁদে পা দিলেন শিলিগুড়ির এক চিকিৎসক। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরার পথে তাঁর সহযাত্রী হিসেবে পরিচয় হয় আসামের বাসিন্দা মফিজ উদ্দিনের সঙ্গে। আচরণে ভদ্র, কথায় মিষ্টি—এই অভিনয়ে বিভ্রান্ত হন চিকিৎসকও। শুরু হয় গল্পগুজব, আর ঠিক সেই সুযোগেই প্রস্তুত রাখা ছিল প্রতারণার চক্র।
কথার ফাঁকে চিকিৎসকের অজান্তে তাকে মাদক মিশিয়ে খাইয়ে অচেতন করে ফেলে মফিজ। এরপর হাতিয়ে নেয় চিকিৎসকের সব মূল্যবান জিনিসপত্র। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পরই ঝাপসা ঘোর কেটে গেলে চিকিৎসক বুঝতে পারেন, সহযাত্রী নয়—তিনি ছিলেন পরিকল্পিত অপরাধীর শিকার।
হুস ফিরতেই তিনি সরাসরি জিআরপি-তে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গত সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু করে রেল পুলিশ। অবশেষে বহুদিনের চেষ্টায় গ্রেফতার হয় অভিযুক্ত মফিজ উদ্দিন। তাকে গতকাল জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং জিআরপি তার রিমান্ডের আবেদন জানায়।
ট্রেনে যাত্রা এখন আর শুধু ভ্রমণ নয়—এক চিলতে অসতর্কতা কখন যে ‘বন্ধুত্বের ফাঁদ’-এ পরিণত হয়, তারই জ্বলন্ত উদাহরণ এই ঘটনা।
