জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদরপাড়া দুলালদিঘি সংলগ্ন এলাকায় গোপনে চলছিল গাঁজা চাষ! স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত সেই অবৈধ চাষের হদিশ পেল ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন। শনিবার সকালে ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালান।

অভিযোগ, এক স্থানীয় বাসিন্দা বাড়ির পেছনের নিজের জমিতে দীর্ঘদিন ধরে অসংখ্য গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিলেন। অথচ এতদিন বিষয়টি প্রশাসনের নজরে আসেনি। স্থানীয়দের দাবি—এলাকায় নেশাজনিত সমস্যা বাড়ছিল, তাই আইনগত পদক্ষেপের জন্য তারা বহুদিন ধরেই দাবি জানাচ্ছিলেন।

অভিযানে অংশ নিয়ে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে সব গাঁজার গাছ কেটে ধ্বংস করে জ্বালিয়ে দেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন এলাকাবাসী।

যদিও বাড়ির পক্ষ থেকে গাঁজা চাষের কথা অস্বীকার করা হয়েছে। পরিবারের সদস্যা অঞ্জলী দত্ত জানান—”গাছগুলো নিজের থেকেই উঠেছে, আমরা কাউকে চাষ করতে দেখিনি।”

এ বিষয়ে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সভাপতি অজয় সাহা বলেন—“জলপাইগুড়িকে নেশামুক্ত রাখতেই আমাদের এই উদ্যোগ। অবৈধ চাষ আমরা কোনওভাবেই বরদাস্ত করব না।”
অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও নেশামুক্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বহু বাসিন্দা।
