শিলিগুড়ি : শখের পাখি কেনার ইচ্ছে থেকেই শুরু, কিন্তু তারপর যা ঘটল— তা এখন শিলিগুড়ি জুড়ে আতঙ্কের কারণ। ১৫ বছরের জয় শাহ, বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল পছন্দের পাখি কেনার উদ্দেশ্যে। পরিবারকে জানিয়েই বেরিয়েছিল সে।

জানা গেছে, জয় প্রথমে এক বন্ধুর বাড়ি যায়, তারপর দু’জনে মিলে ঠিক করে বাজার থেকে পাখি কিনবে। কিন্তু টিউশনের সময় হয়ে এলে বন্ধু জয়কে ঝংকার মোড় থেকে একটি টোটোয় তুলে দেয়। সেখান থেকেই জয়কে শেষবার দেখা গেছে। তারপর আর কোনও খোঁজ নেই তার।

বেলা বাড়লেও জয় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি— আত্মীয়, বন্ধু, পরিচিত— কেউই কিছু জানাতে পারেননি। অবশেষে রাতেই খালপাড়া টাউন আউটপোস্টে নিখোঁজের অভিযোগ দায়ের করেন জয়ের পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে জয়কে টোটোয় উঠতে দেখা গেছে। এখন সেই টোটো চিহ্নিত করার কাজ চলছে। কোথায় গেল কিশোর? টোটোচালক কে? নাকি পাখি কেনার আড়ালে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে— এই প্রশ্নেই দিশেহারা পরিবার।
পরিবারের বক্তব্য, “আমাদের জয় খুব শান্ত ছেলে। কারও সঙ্গে শত্রুতা ছিল না। পাখি ভালোবাসত, সেই কারণেই বেরিয়েছিল… এখন শুধু ওর ফেরার অপেক্ষা।”
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপাতত একটাই প্রশ্ন— শখের পাখি কিনতে গিয়ে কোথায় হারিয়ে গেল জয় শাহ?
