ময়নাগুড়ি : বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে পরিবেশকে রাখছেন সুস্থ — আর সেই নীরব যোদ্ধারা আজ পেলেন সম্মান ও সহায়তা। গুরু নানকের জন্মদিনে, সমাজের এই অচেনা পরিবেশ–রক্ষকদের পাশে দাঁড়াল দিশা এনজিও। সংস্থার ৩০ বছর পূর্তিতে ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের মহিলাদের হাতে তুলে দেওয়া হল তাঁদের দৈনন্দিন কর্মজীবনের প্রয়োজনীয় সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুপ্রতিম লাহিড়ী। দিশার সদস্য পার্থপ্রতিম সরকার বলেন, “একজন মায়ের যেমন সন্তানকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তেমনই এই মায়েরাই পরিবেশকে বাঁচিয়ে রাখার মূল স্তম্ভ। তাঁরা আমাদের দ্বারা দূষিত প্রকৃতিকে পুনর্জীবন দিচ্ছেন।”
পরিবেশ রক্ষায় এই মায়েদের নিঃশব্দ অবদানই আজকের পৃথিবীকে করছে আরও বাসযোগ্য।
