জলপাইগুড়ি : জলপাইগুড়ি আবারও স্মরণ করছে অভয়াকে—সেই নিরীহ তরুণী, যার মৃত্যুর এক বছর পরও আজও বিচারপথে আলো আসেনি বলে দাবি উঠছে নতুন করে। ঠিক সেই কারণেই এবার অভয়া মঞ্চ নামছে রাস্তায়—বিচারের দাবিতে শুরু হচ্ছে এক মহা স্বাক্ষর অভিযান।

৯ নভেম্বর, শহরের থানা মোড় থেকে কদমতলা মোড় পর্যন্ত চলবে এই উদ্যোগ। শুধু জলপাইগুড়িতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি রাজ্যের বাইরেও মানুষকে যুক্ত করা হবে এই স্বাক্ষর অভিযানে। অভয়ার জন্মদিন ৯ ফেব্রুয়ারি—সেদিন এই গণস্বাক্ষর ও বিচারের দাবি-সহ এক স্মারকলিপি পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।

অভয়া মঞ্চের দাবি, বারবার রাস্তায় নেমেও বিচার অধরা রয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে বিচারের প্রতি যে বিশ্বাস এখনও বেঁচে আছে, সেটাকেই এবার শক্তির রূপ দিতে চান তারা।
অভয়া মঞ্চের তরফে চিকিৎসক সুদীপন মিত্র বলেন, “অভয়ার বিচার চলছে ঠিকই, কিন্তু আমরা সন্তুষ্ট নই। সেই কারণেই এই স্বাক্ষর অভিযান। প্রধান বিচারপতির কাছে আমরা আবেদন জানাব, যাতে মামলার অগ্রগতি দ্রুত হয়।”
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দেবপ্রিয়া সেন, শুভঙ্কর সিংহা, অন্যান্য সেন, আইনজীবী কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়সহ অভয়ার লড়াইয়ের সহযোদ্ধারা।
অভয়ার নাম আজ এক প্রতীকে পরিণত—ন্যায়ের প্রতীক। আর সেই প্রতীককে অক্ষুণ্ণ রাখতেই জলপাইগুড়ির মানুষ আবারও একসঙ্গে, হাতে কলম নয়—হৃদয়ের স্বাক্ষর নিয়ে পথে নামছে।
